 |
ঢাকা: প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নাকোচ করে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় শোক দিবসে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ১৫ আগস্ট জন্ম দিন না হয়েও যারা ইচ্ছাকৃতভাবে কেক কেটে আনন্দ উল্লাস করে তা পালন করে তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে না।
নাম উল্লেখ না করে সৈয়দ আশরাফ ১৫ বিএনপির চেয়ারপারসন খালেদা জিযার জন্ম দিন পালনের কড়া সমালোচনা করে বলেন, “আমরা দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্য চাই। কিন্তু যে ব্যক্তি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আনন্দ উল্লাস করে তাদের সঙ্গে কি সমঝোতা সম্ভব?”
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দ আশরাফ বলেন, “শুধু ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। ২১ আগস্টে গ্রেলেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়।”
“যারা সমঝোতার কথা বলেন সেই বুদ্ধিজীবীরা কি জানেন না কারা ১৫ আগস্টের ষড়যন্ত্র করেছিল? কারা ২১ আগস্ট গ্রেনেড মেরেছিলো? চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে গুলি করেছিল কারা?”
তিনি বলেন, “বুদ্ধিজীবীরা কি ১৫ আগস্ট, ২১ আগস্টের কথা ভুলে গেছেন? কারা খুনিদের মদদ আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল। খুনি ও তাদের মদদদাতা, আশ্রয়-প্রশ্রয়দাতাদের সঙ্গে কি সমঝোতা সম্ভব?”
তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগ জিয়া-এরশাদের মতো সামরিক শাসন দিয়ে নির্বাচন করেনি। ভোট কারচুপি করা ইতিহাস নেই।”
“ওয়ান ইলেভেনের পর আপনারা যেভাবে ঐক্য গড়ে তুলেছিলেন সেভাবে ঐক্য গড়ে তুলুন। যদিও তখন বিশ্বাসে চিড় ধরেছিল। তবু ঐক্যবদ্ধ থাকার কারণে কোনো সমস্যা হয়নি।”
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
এসকে/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর