 |
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে (বিবিএল) মৌসুমের প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। তিন বছরের চুক্তিতে তিনি ফিরে গেছেন পুরনো দল ব্রিসবেন হিট-এ।
সোমবার থেকে বিবিএলে খেলোয়াড় রেজিস্ট্রেশন উইন্ডো শুরু হয়। ক্লাবগুলো দু’জন বিদেশিসহ স্থানীয় খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের জন্য পক্ষকালব্যাপী সময় পাবে। আগের মৌসুমে খেলা সব খেলোয়াড়ই এখন নিজেদের পছন্দ মতো নতুন দল বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
ব্রিসবেন ও কুইন্সল্যান্ডের সঙ্গে পুরনো সম্পর্ক ধরেই গাব্বায় ফিরেছেন ড্যানিয়েল ভেট্টরি। আগের মৌসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে খেলার মাঝেও বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে তিনটি ম্যাচ খেলেন ভেট্টরি।
‘গত সৌসুমে আমি এখানে (ব্রিসবেন হিট) খুব ভাল সময় অতিবাহিত করেছি। কোচ ড্যারেন লেহম্যান ও তার কোচিং স্টাফরাসহ এখানে একদল বন্ধুবৎসল সতীর্থ রয়েছেন। যে কারণে এখানে ক্রিকেট খেলাটা দারুণ উপভোগ্য। তাই আমার জন্য ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া ছিল খুবই সহজ। তাই গাব্বায় ভক্তদের সামনে আরও একবার খেলার সুযোগ পাচ্ছি।’ ব্রিসবেন হিটের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এভাবেই অনুভূতি ব্যক্ত করেন সাবেক এই কিউই অধিনায়ক।
এদিকে বিবিএলে তিন বছরের জন্য চুক্তি হলেও আসন্ন মৌসুমে নিউজিল্যান্ডে ঘরোয়া টি-টোয়েন্টিতে নর্দান ডিস্ট্রিক্টের হয়ে খেলবেন ভেট্টরি। ফলে বিবিএলের সঙ্গে একই সময়ে দেশেও খেলতে যেতে হবে ভেট্টরিকে। সবমিলিয়ে টুর্নামেন্ট জুড়েই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্লেন ধরতে হবে তাকে। এ বিষয়ে ভেট্টরি বলেন,‘মাঝে মাঝে একই সঙ্গে দুটি টুর্নামেন্টে খেলাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তবে গত মৌসুমেও উভয় টুর্নামেন্টেই খেলতে পেরেছি। এটা পারফরমেন্সে কোনা প্রভাব ফেলে না। আপনাকে শুধু সামনে যে ম্যাচ আসবে সেটার জন্যই প্রস্তুত হতে হবে।’
বাংলাদেশ সময়: ১৮১২ ঘন্টা, জুলাই ০৯, ২০১২
এএইচবি