 |
নিউ ইয়র্ক: চার বছর আগে অবসর ভেঙে প্রত্যাবর্তনের পর কোর্টে ঝড় তুলেন সাবেক বিশ্বসেরা কিম ক্লাইটার্স। এ সময়ের মধ্যে জেতেন গ্র্যান্ড স্ল্যামসহ বেশ কয়েকটি একক শিরোপা। চোটের সঙ্গে সখ্য থাকায় ধারাবাহিক হতে পারছেন না কোর্টে। তাই এ বছরের শেষে ইউএস ওপেন খেলে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ২৮ বছর বয়সী এই টেনিস তারকা।
প্রথমবার দুই বছরেরও বেশি সময় অবসরে থাকার পর ২০০৯ সালে কোর্টে ফেরেন। ওই মৌসুমেই চ্যাম্পিয়ন হন ইউএস ওপেনে। ২০০৫ সালেও একবার ইউএস ওপেন জিতেছিলেন। ২০১১ সালে সাফল্যের শোকেসে তুলেন অস্ট্রেলিয়ান ওপেন। এর মধ্যদিয়ে পুনরায় দখল করেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও।
সাফল্যের পাশাপাশি সবসময় ক্লাইস্টার্সের সঙ্গী ছিলো চোট। তাই গত বছর ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। কোমরের চোটের জন্য এই সিদ্ধান্ত নেন ক্লাইস্টার্স। এই মৌসুমেও একই কারণে নিজেকে গুটিয়ে নিয়েছেন প্রতিযোগিতা থেকে। এক সংবাদ সম্মেলনে ক্লাইস্টার্স বলেন, ‘ইউএস ওপেনে অংশ নেওয়ার পর অবসর নেবো আমি। কেননা এটা হচ্ছে সেই প্রতিযোগিতা যেখানে আমার সেরা জয়গুলো রয়েছে। এই টুর্নামেন্ট আমার কাছে বিশেষ কিছু।’
আগামী মাসে ২৯ বছর পূর্ণ করবেন ক্লাইটার্স। চারটি গ্র্যান্ড স্ল্যামসহ ক্যারিয়ারে ৪১টি একক ও ১১টি দ্বৈত শিরোপা জেতেন তিনি। এছাড়া ২০০১ সালে তার দুর্দান্ত পারফরমেন্সের কল্যাণে প্রথমবারের মতো ফেড কাপের শিরোপা জেতে বেলজিয়াম।
বাংলাদেশ সময়:১৭২৫ ঘণ্টা, মে ২৩, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস