 |
ঢাকা: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামে বাংলাবাজারের একটি সড়কের নামকরণ করার দাবি জানিয়েছেন।
শনিবার রাজধানীর বাংলাবাজারে হুমায়ূন আহমেদ স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এ শোকসভার আয়োজন করে।
সৈয়দ শামসুল হক বলেন, “তার নামে একটি সড়ক করা হলে অনাগত দিনের লেখক ও প্রকাশকরা তাঁকে স্মরণ করতে পারবেন শ্রদ্ধা ও ভালোবাসায়। তাই সিটি করপোরেশনের কাছে অনুরোধ এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ করে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, “সকল জনপ্রিয় লেখককে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে তাঁদের প্রকাশকরা। সন্তানের মতো প্রকাশকরা লেখককে ধারণ করেছেন মেধায়, মননে এবং পরিশ্রমে। হুমায়ূন আহমেদকে নিয়ে বাংলাবাজারের প্রকাশকদের এমন শোকসভার আয়োজন তাই অনন্য দৃষ্টান্ত হয়েই থাকবে।”
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক অনিসুল হক। স্মৃতিচারণ করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি শ ম গোলাম কবীর, সহ-সভাপতি কাইছার-ই-আলম প্রধান, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান সরকার, পরিচালক বাহাউদ্দিন ভূঁইয়া, প্রকাশক খান মাহবুব, মো. শাহাদাত হোসেন, মনিরুল হক, হামিদুল হক, ইফতেখার রসুল জর্জ প্রমূখ।
বক্তারা বলেন, “হুমায়ূন আহমেদের দ্বিতীয় জন্মদিন এই বাংলাবাজারে। কেননা প্রকাশকই লেখক তৈরি করে। হুমায়ূন আহমেদ আমাদের প্রকাশনা শিল্পকে গত ৪০ বছর ধরে এক হাতে দাঁড় করিয়েছেন। এছাড়াও হুমায়ূন আহমেদ দীর্ঘদিন ধরেই আমাদের মধ্যবিত্ত স্বপ্নগুলো অনুবাদ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
এমআইআর/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর