দুদক থেকে: রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের জবানবন্দি গ্রহণ চলছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
তবে একই ঘটনায় বরখাস্ত হওয়া পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা সকালে কিছু কাগজপত্র জমা দিয়ে চলে গেছেন।
এনামুল হক সস্ত্রীক দুদকে আসেন বেলা ১২টার দিকে। এর মিনিট তিরিশেক পর সাড়ে ১২টার দিকে দুদকে আসেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক। আর ইউসুফ মৃধা সকাল দশটা দশ মিনিটে দুদকে এসে দুদকের চাহিদামতো কিছু কাগজপত্র জমা দেন। আরও কাগজপত্র জমা দেওয়ার জন্য বাড়তি সময় প্রার্থনা করেন তিনি। দুদকের কাছ থেকে বাড়তি সময়ের আবেদন মঞ্জুর করিয়ে ওমর ফারুক ও এনামুল হকরা দুদকে আসার আগেই চলে যান মৃধা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ-পরিচালক আখতার হামিদ ভুঁইয়া। আর অপর উপ-পরিচালক আবু সাইয়িদ জিজ্ঞাসাবাদ করছেন এনামুল হককে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুলাই ১, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com