 |
কক্সবাজার: আসন্ন জাতীয় বাজেটে ‘পর্যটন রাজধানী’ কক্সবাজারের জন্য ২ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন কক্সবাজার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।
একই সঙ্গে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রকল্পের জন্য বরাদ্দ রাখার দাবি জানানো হয়।
‘কক্সবাজার বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সার্বিক উন্নয়নে অতিরিক্ত বরাদ্দ এবং কক্সবাজারবাসীর প্রত্যাশা শীর্ষক ‘প্রাকবাজেট আলোচনা ২০১২-১৩ অর্থবছর’ আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, কক্সবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা।
এ জেলার পর্যটন শিল্প, চিংড়ি, লবণ, মৎস্য, বনজসম্পদ, কৃষি, পরিবেশ বৈচিত্র্য, টেকনাফ স্থলবন্দর থেকে প্রতি বছর ৩ থেকে ৪ হাজার কোটি টাকা সরকারি রাজস্ব তাহবিলে যোগান দিয়ে থাকে। কিন্তু, এ অনুপাতে ন্যায্য বরাদ্দ পায়নি জেলাবাসী। তাই, কার্যকর কোনো উন্নয়নের ছোঁয়া জেলায় লাগেনি।
সভায় সমাপনী বক্তব্যে প্রফেসর মোশতাক আহমদ বলেন, ‘প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের কারণে কক্সবাজার একটি অনন্য জেলা। পান, সুপারি, লবণ, মাছ, চিংড়ি, পর্যটন জেলাকে করেছে অনেক বেশি শাণিত। কিন্তু, জলবায়ু পরিবর্তনের কারণে কক্সবাজারের উপকূলের বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এ জন্য কোনো বরাদ্দ না থাকায় ঝুঁকিতে রয়েছে জেলার উপকূলের মানুষজন। শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতার কারণে শিক্ষার হার থেকে পিছিয়ে রয়েছে জেলাবাসী। জেলার স্বাস্থ্য-চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত করুণ। এ সমষ্টিগত উন্নয়নের জন্য ২ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ জেলাবাসীর ন্যায্য দাবি।’
‘কক্সবাজার বাঁচাও আন্দোলন’-এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা ও দিদারুল আলম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান।
এতে আরও বক্তব্য রাখেন- পরিবেশ বিজ্ঞানী ড. আনসারুল করিম, কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান ছলিমুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, চিংড়ি হ্যাচারি মালিক মোহাম্মদ নজিবুল ইসলাম, লবণ ব্যবসায়ী রইচ উদ্দিন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দস রানা, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর