 |
ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি টেলিভিশন এবং রেডিও কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত কেন্দ্রটিতে হামলায় তিন জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সরকার সমর্থক টিভি চ্যানেল আল-আখবারিয়া হামলায় ক্ষয়ক্ষতির চিত্র সম্প্রচার করেছে। রাষ্ট্রীয় এই টেলিভিশন কেন্দ্রটি দামেস্কের কেন্দ্রেস্থলে উমাইয়িন চত্বরে অবস্থিত।
এর আগে গত বছরে অক্টোবরে আল-আখবারিয়া টিভি চ্যানেলটির অফিসে বন্দুকধারীদের হামলায় সাত জন নিহত হয়।
এদিকে গত ক’সপ্তাহ ধরে বিদ্রোহীরা দামেস্কের বিভিন্ন এলাকা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও সেনাবাহিনীর হাতে এখনও বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে রয়েছে।
অপরদিকে, বিরোধীদের শক্ত ঘাঁটি আলেপ্পো থেকে সশস্ত্র বিদ্রোহীদের হটাতে অভিযান জোরদার করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার। ২০ হাজারেরও বেশি সেনা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম এ শহরে মোতায়েন করা হয়েছে। তারা ট্যাঙ্ক ও হেলিকপ্টার নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
বিরোধীরা জানিয়েছে, যদিও দুই প্রধান বিদ্রোহী সালেহ আল দিন এবং সাইফ আল দাওলা ভারি অস্ত্র এবং ট্যাংক নিয়ে সিরিয়ার বাণিজ্যিক রাজধানী আলেপ্পো ঘিরে রেখেছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর