 |
ঢাকা: পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলার দ্রুত নিষ্পত্তিতে এক বা একাধিক বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) নথি তলবের ক্ষমতা দেওয়ার বিধান রেখে দুটি বিল পাস হচ্ছে মঙ্গলবার।
জাতীয় সংসদে বিল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২ এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল-২০১২ পাসের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দিনের কার্যসূচি থেকে এ তথ্য জানা গেছে।
গত ১৯ নভেম্বর বিল দুটি সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। পরে এটি পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সোমবার এ বিল দু’টির রিপোর্ট সংসদে উপস্থাপন করেন সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স-১৯৬৯ সংশোধনে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২ পাস করা হবে। এছাড়া সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন-১৯৯৩ সংশোধন করতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল-২০১২ পাস করা হবে।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
এসএইচ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
eic@banglanews24.com