ঢাকা: যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে ডাকা জামায়াতের হরতালে রাজধানীর শনির আখড়ায় পিকেটাররা কাঠের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা চালায়।
বৃহস্পাতিবার সকাল সাড়ে ৭টায় রুবেল টিম্বার স’ মিল থেকে কাঠের গুড়ি ও গাছ নিয়ে আগুনে জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে থানা পুলিশ ও আর্মড পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং টায়ার ও কাঠ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
পিকেটিংয়ের কারণে যান চলাচল কম থাকায় সাধারণ মানুষ হয়রানির স্বীকার হচ্ছেন। রাস্তায় যানচলাচল কম থাকায় কাঁচপুর ব্রিজ, সানার পাড়, সাইনবোর্ড, রায়ের বাগ, কাজলা, কুতুব খালী, যাত্রাবাড়ী ও সায়দাবাদসহ প্রতিটি স্পটেই কর্মজীবী লোকজনদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এআই/এটি/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জেডএম