ঢাকা: রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো লাভজনক করতে আখের পাশাপাশি সুগার বিট থেকে চিনি উৎপাদন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে জিলবাংলা সুগার মিলে পরীক্ষামূলকভাবে সুগার বিট চাষ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল চিনিকলে সুগার বিট উৎপাদন করা হবে। এর ফলে চিনিকলগুলোতে দীর্ঘদিন ধরে চিনি উৎপাদন চালু রাখা সম্ভব হবে।
বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশন নেতারা মঙ্গলবার শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে শিল্প মন্ত্রণালয়ে বৈঠককালে একথা জানান।
রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো লাভজনকভাবে পরিচালনা, আখের উৎপাদন বৃদ্ধি এবং চিনিকলে পণ্য বৈচিত্র্যকরণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সভাপতি মোঃ মজাহারুল হক প্রধান এমপি, নির্বাহী সদস্য মোঃ ফরিদুল হক খান এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী বাদশা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাহ্মুদউল ভূইঁয়া, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেন চন্দ্র দাসসহ শিল্প মন্ত্রণালয় ও বিএসএফআইসি‘র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আখচাষি ফেডারেশনের কার্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ফেডারেশন নেতারা চিনির উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল জাতের আখ বীজ সরবরাহ ও চিনিকলের আধুনিকায়নের পরামর্শ দেন। তারা সারা বছর চিনিকল চালু রাখার স্বার্থে আখের উপজাত (বাইপ্রোডাক্ট) থেকে নতুন ডিস্টিলারি স্থাপন, হার্ডবোর্ড তৈরি, ভেগাজ থেকে বিদ্যুৎ উৎপাদন, চকলেটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদনের তাগিদ দেন।
বৈঠকে নেতারা বলেন, দেশের উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক একমাত্র ভারি শিল্প হিসেবে চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। তারা এ লক্ষ্যে ১১ দফা দাবি তুলে ধরেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে বাঁচাতে হলে দীর্ঘদিনের পুঁঞ্জিভূত অপচয় ও দুর্নীতির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। ব্যক্তি স্বার্থে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চিনিকলের দুর্নীতি দূর করা সম্ভব নয়। সবাই মিলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে প্রতিমন্ত্রী আখচাষি ফেডারেশনের প্রতি আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৩২০ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
এনএস/