 |
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে রোববার জুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়।
শনিবার ডিএসই উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ওপর ভিত্তি করে শীর্ষ ৩০ কোম্পানিকে পুরস্কৃত করার জন্যই এ সভা।
এসইসির সাবেক চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডা. এ বি মির্জা মো. আজিজুল ইসলাম সভায় সভাপতিত্ব করবেন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ এসইসির সাবেক চেয়ারম্যান ড. এ বি মির্জা মো. আজিজুল ইসলামকে আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট জুরি বোর্ড গঠন করে। জুরি বোর্ডের সদস্যরা হলেন- এসইসির সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জনাব আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মো. আবুল কাশেম, সিডিপির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন, ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ, আইসিএমএবির প্রেসিডেন্ট প্রফেসর মমতাজউদ্দিন আহমেদ, এফসিএমএ; এমসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট জনাব আব্দুল হাফিজ চৌধুরী, এফসিএ, আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট ড. জামাল উদ্দিন আহমেদ, এফসিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. এম এ বাকী খলীলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ফরিদউদ্দিন আহমেদ, আইসিএবির সাবেক প্রেসিডেন্ট এবং পার্টনার সাহা মজুমদার অ্যান্ড কোম্পানির জনাব নাসির উদ্দিন আহমেদ এবং নিউএজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.এস.এম কাশেম ও মেজর জেনারেল মোহা. হাবিবুর রহমান খান, এনডিসি, পিএসসি।
জুরি বোর্ড ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরি বিশ্লেষণ করে স্বাধীনভাবে শীর্ষ ৩০ কোম্পানিকে নির্ধারণ করবে। আর এই শীর্ষ ৩০ কোম্পানি নির্ধারণের ক্ষেত্রে ডিএসইর কোনো ভূমিকা থাকবে না। ডিএসইর প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান জুরি বোর্ডের সমন্বয় করবেন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ২৬, ২০১২
এসএমএকে/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর