নড়াইল: নড়াইলে ১৭ কেজি রুপাসহ আনোয়ার হোসেন (৩০) ও সরোয়ার হোসেন (২৮) নামের দুই ভাইকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আটকদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদের নেতৃত্বে সোমবার সকাল ১১টার দিকে পুলিশ সদর উপজেলার চাঁচড়া এলাকায় অভিযান চালায়।
এসময় একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে তারা নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে তাদের ধাওয়া করে মোটরসাইকেলের বিভিন্নস্থানে রাখা ১৪টি রুপার বার, ও দুইটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। আটক করা হয় দুই ভাইকে।
উদ্ধার রূপার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ২৮, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর