বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে প্রবল স্রোতে ক্রস বাঁধের ৪১ মিটার ও বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের ১০৯ মিটার এলাকায় ভাঙন ধরেছে। এ ভাঙনের ফলে স্থানীয়দের জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ফলে এলাকার বেশিরভাগ সামর্থবান মানুষ তাদের ঘরবাড়ি ও মালামাল নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
উপজেলার চন্দনবাইশার তালুকদারপাড়া এলাকায় মঙ্গলবার বেলা ৩টা থেকে এই ভাঙন শুরু হয়।
এর আগে সোমবার ওই স্থানে ক্রস বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৭৫ মিটার অংশ ধসে যায়।
ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড পাউবোর নির্ধারিত ঠিকাদারের মাধ্যমে সিসি ব্লক ও বালু ভর্তি ব্যাগ ফেললেও সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতির কোনো রকম উন্নতি হয়নি।
পরিস্থিতি দেখতে বিকেল ৪টায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ১৫০ মিটার ভাঙনের কথা স্বীকার করে সন্ধ্যায় বাংলানিউজকে জানান, আড়াআড়িভাবে নতুন একটি চ্যানেল সৃষ্টি ও পানি কমতে থাকায় যমুনা নদীতে প্রবল স্রোত এবং ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে।
এতে মঙ্গলবার বেলা ৩টা থেকে বাঁধে ধস শুরু হয়। পর্যাপ্ত বরাদ্দ না থাকলে বিশেষ ব্যবস্থায় ভাঙন ঠেকানোর চেষ্টা করেও কাজের খুব একটা অগ্রগতি করা যাচ্ছে না। তবে তিনি আতঙ্কিত না হয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ০১২৯ ঘন্টা, আগস্ট ০৮, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর