 |
আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার ভোটে এবার নতুন ইতিহাস তৈরি হয়েছে । এ ইতিহাস শুধু রাজ্যের নিরিখে নয়। গোটা দেশের ইতিহাস।
এবারের ভোটে নারীরা পুরুষদের তুলনায় বেশি ভোট দিয়েছেন। তাও এক দু’জন নয়। পুরুষদের তুলনায় প্রায় ২.১৩ শতাংশ বেশি ভোট দিয়েছেন নারীরা।
পুরো ভারতে এখন পর্যন্ত পুরুষদের তুলনায় নারীদের বেশি ভোট দেওয়ার নজির এটাই প্রথম। যা এবার অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরায়।
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রকাশিত ভোটার তালিকায় দেখা যায়, নারী ভোটারদের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা প্রায় ৪৩ হাজার বেশি ছিল। রাজ্যে বর্তমান ভোটার সংখ্যা ২৩৫২৫০৫। এর মধ্যে পুরুষ ভোটার ১১৯৭৮৪৯ এবং নারী ভোটার ১১৫৪৬৫৬।
পুরুষ ভোটারের সংখ্যা বেশি হলেও নারীরাই কিন্তু দিয়েছেন বেশি ভোট। ইভিএমে প্রায় ৯২.০১ শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। এর মধ্যে পুরুষরা দিয়েছেন ৯০.৮৯ শতাংশ এবং নারীরা দিয়েছেন ৯৩.০২ শতাংশ ভোট। প্রায় ২.১৩ শতাংশ বেশি ভোট পড়েছে পুরুষদের তুলনায়।
ভোটার লিস্টে লিঙ্গ অনুপাতের ক্ষেত্রেও সারাদেশের মধ্যে সেরা ত্রিপুরা। এখানে প্রতি হাজার পুরুষ ভোটারের নিরিখে নারী ভোটারের সংখ্যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল জানান, প্রতি এক হাজার পুরুষ ভোটারের অনুপাতে ত্রিপুরায় নারী ভোটারের সংখ্যা ৯৬৪ জন। গত সেপ্টেম্বর মাসে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়, সে অনুযায়ী এক হাজার পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের অনুপাত ছিল ৯৫৮ জন।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/জেডএম