 |
কুষ্টিয়া: ‘রাজসিক বাল্যবিয়ে: বর এলেন হেলিকপ্টারে’ শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশের পর গোটা কুষ্টিয়া জেলায় তোলপাড় সৃষ্ট হয়েছে। বাংলানিউজকে অভিনন্দন জানিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শনিবার কনের বাড়িতে বৌভোতের অনুষ্ঠান হচ্ছে। বর ও কনের বাবা রাজনীতি করেন বলে আওয়ামী লীগের কর্মী সভার আড়ালে এ বৌভাতের আয়োজন করা হয়েছে বলে গোপন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, শুক্রবার কুষ্টিয়ার খোকসা উপজেলার মাঠপাড়া এলাকায় ১৪ বছরের ইভা পারভিন ইসমার সঙ্গে বিয়ে হয় তানভীর আহমেদের। ছেলের বাবা উপজেলার খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী। মেয়ের বাবা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা কাউন্সিলর আমিরুল ইসলাম। বিয়েতে অতিথি ছিলেন রাজনীতিক ও প্রশাসনের কর্তাব্যক্তিরাও।
বাংলানিউজে ওই বাল্যবিয়ের সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালতের একটি দল ছেলের বাড়িতে যান। ভ্রাম্যমাণ আদালতের তোপের মুখে ‘মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত এই বিয়ে নিবন্ধন হবে না’ এমন মুচলেকা দেন ছেলের বাবা। তবে কিশোরী বধূ ইভা এখন স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে অবস্থান করছেন।
এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) সোহেল হাসান বাংলানিউজকে জানান, বাংলানিউজে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালত দ্রুত ছেলের বাড়িতে যায়। অবস্থা বেগতিক দেখে ছেলে ও মেয়ের বাবা বাল্যবিয়ের কথা স্বীকার করে মুচলেকা দেন। মুচলেকায় বলা হয়, মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত এই বিয়ে নিবন্ধন হবে না।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের কাছে মুচলেকা দিয়ে অনেকটা বিপদে পড়েছেন বরপক্ষ। শনিবার বৌভাত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে অন্যভাবে।
এ ব্যাপারে খোকসা পৌরসভার মেয়র আনোয়ার আহম্মেদ তাতারীর বাংলানিউজকে বলেন, “মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় সার্টিফিকেট দেওয়া হয়নি। তা ছাড়া কিশোরী বধূ ৮ম শ্রেণীর ছাত্রী।”
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুন ০৯,২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর