 |
দেশ টিভির ছুটির দিনের নাটক ‘রাফখাতা’। মঈনুল আহসান সাবেরের মূল কাহিনী অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনায় রয়েছেন ইলিয়াস কমল। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারজানা চুমকি, লুৎফর রহমান জর্জ এবং আরো অনেকে। দেশটিভিতে নাটকটি দেখানো হবে ৬ জুলাই শুক্রবার রাত ৯টা ৪৫মিনিটে।
এতে দেখা যাবে, মোহসিন কেমিস্ট হিসেবে একটা প্রাইভেট ফার্ম কাজ করতো। অফিসে ঝামেলায় তার চাকরি চলে যায়। স্ত্রী লিপিকে নিয়ে বেকার অবস্থায় টানাপোড়েনের মাঝে কাটে তার সময়। এই টানাপোড়েনের মাঝে তার সবচেয়ে বড় অবলম্বন বাবার উপহার দেয়া কিছু ডাকটিকিটের খাতা। মন খারাপ থাকলে মোহসিন ঐ ডাক টিকিটের খাতা নিয়ে বসে। ইদানিং তার ডাক টিকিটের খাতাও ভালো লাগে না। জীবনে উত্তেজনা আর বৈচিত্র্য নিয়ে আসার জন্য হঠাৎ করেই সে খুনের পরিকল্পনায় মেতে উঠে।
মোহসিনের পাশের ফ্ল্যাটে ভাড়া থাকে এক কম বয়স্ক মেয়ে আশা ও তার স্বামী। আশার উপর আসগর প্রায়ই অত্যাচার করে। এজন্য আজগরকে সহ্য করতে পারে না মোহসিন। এমন অবস্থায় একদিন রাতে খুন হয় আসগর। তারপর থেকে নিখোঁজ আশা। পুলিশ এসে খুনের দায়ে গ্রেফতার করে মোহসিনকে। নাটকীয়ভাবে এগিয়ে চলে কাহিনী।
বাংলাদেশ সময় ১৮৫০, জুলাই ৫, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন