কুড়িগ্রাম: সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে উত্তরাঞ্চলের জন্য বিশেষ কোটা ঘোষণা করায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ন্যাশনাল সার্ভিসের কয়েক হাজার যুবকর্মীরা উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল বের করে উপজেলা শহর প্রদক্ষিণ করে।
সরকারের এ ঘোষণায় কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলবাসী বিশেষ করে তরুণ-তরুণীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।
জানা গেছে, জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) সরকারি ব্যবস্থাপনার বদলে বেসরকারি রফতানিকারকদের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দাবি তুললেও তা নাকচ করে দেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
সূত্র জানায়, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং দারিদ্রপীড়িত উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য জনশক্তি রফতানিতে ৪ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রেও উত্তরাঞ্চলের মানুষ এ সুবিধা পাবে।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কর্মীরা জানান, সরকারের এ উদ্যোগে তাদের মনে নতুন আশা জেগেছে।
সরকারের ব্যবস্থায় যেতে পারলে প্রতারণার কোনো ভয়ও থাকবে না। তবে সরকারের কাছে দাবি, ন্যাশনাল সার্ভিস কর্মীদের যেন অগ্রধিকার ভিত্তিতে এ সুযোগ প্রদান করা হয়।
প্রতীক মঞ্চে জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখে আল-আমিন, মোতালেব মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়:১৯৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১১
ফজলে ইলাহী স্বপন/সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি