 |
| ছবি : রুবেল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে আবারও অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘দুর্নীতি দমনে সরকার ও দুদকের ভূমিকা এবং জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ তোলেন।
দুদককে সরকারের ‘তল্পিবাহক’ আখ্যা দিয়ে মওদুদ বলেন, “তারা সরকারে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। বিরোধী দলের বিরুদ্ধে যতো অত্যাচার ও দমন-পীড়ন চালানো যায় সরকারের হয়ে দুদকের এখন সেই এজেন্ডা।”
“সরকার ও দুদকের ভূমিকা এক ও অভিন্ন” দাবি করে তিনি বলেন, “সরকারি দলের কেউ দুর্নীতি করলে তাকে নির্দোষ সার্টিফিকেট দেওয়া, আর বিরোধী দলের কেউ দুর্নীতি করলে তাকে নতুন নতুন মামলায় জড়ানো দুদকের কাজ।”
“অনেক আশা নিয়ে দুদক করেছিলাম” বলে আক্ষেপ করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, “আশা ছিলো তারা নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু এতো মানুষের আশা ধুলিষ্যাত করে তারা ফখরুদ্দীন-মইনুদ্দিনের এজেন্ডা বাস্তবায়ন করেছে। তারা দুই নেত্রীকে জেল খাটিয়েছে। তাদের নামে নানা অপপ্রচার চালিয়েছে। সম্মানিত ব্যক্তিদের অযথা অসম্মানিত না করার নিয়ম থাকলেও দুদক তা মানেনি।”
সম্প্রতি লন্ডনে তার বাড়ি আছে বলে দুদকের তোলা অভিযোগ চ্যালেঞ্জ করে তিনি বলেন, “আমার নাকি লন্ডনে বাড়ি আছে। যদি প্রমাণ করতে না পারেন তাহলে ওই বাড়িটা আমাকে দিতে হবে। তা না হলে মামলা করবো। কাউকে ছাড় দেবো না।”
বাড়িটি পেলে তা বাংলো হিসেবে ব্যবহারের জন্য সাংবাদিকদের দান করবেন বলেও ঘোষণা দেন মওদুদ।
“বৈদেশিক সহায়তা ছাড়া পদ্মাসেতু নির্মাণ সম্ভব নয়” মন্তব্য করে সরকারকে বিশ্বব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহবান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি মেজর (অব.) এম এ মেহবুব রহমানের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন বিএনপির স্বণির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।
দুলু বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তাই এদের হাত থেকে দেশ বাঁচাতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন চায় না।”
“সুরঞ্জিত সেন গুপ্তের দুর্নীতি থেকে চোখ সরিয়ে দিতে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিলো” দাবি করে তিনি সংশয় তোলেন, “প্রদ্মাসেতুর দুর্নীতি থেকে চোখ সরাতে আমাদের কাউকে গুম করে ফেলে কি না সে আতঙ্কে আছি।”
সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান গোলাম রহমানকে ‘দন্তবিহীন বাঘ’ আখ্যা দিয়ে মেহবুব বলেন, “দুদকে দুর্নীতিকারী প্রতিষ্ঠান বললে ভুল বলা হবে না।”
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর