চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া ২টি মামলায় বিএনপির ৪৭ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদা ইয়াসমিন এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বাংলানিউজকে জানান, সীতাকুণ্ডে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া ২টি মামলায় ৬৪ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে আসামি করা হয়েছিল। এর মধ্যে ২টি মামলায় ২৬ জন, আরেকটি মামলায় ২১ জন আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত প্রত্যেকের জামিন মঞ্জুর করেছেন।
এর আগে গত ২৪ জুন চট্টগ্রামের নাসিমন ভবনের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া ১টি মামলায় আসলাম চৌধুরীকে কারাগারে পাঠান আদালত। এ ঘটনার জের ধরে সীতাকুণ্ডের পৃথক ২টি স্থানে পুলিশের ওপর হামলা এবং যানবাহন ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর