 |
সাতক্ষীরা: এবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের তারালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত ও অপর একজন আহত হয়েছেন।
সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন (২০) কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের ফজলু সরদারের ছেলে।
আহত পঞ্চনন ঢালী (২৩) উপজেলার বোয়ালিয়া গ্রামের সাকারউদ্দিনের ছেলে।
এর আগে একই দিন ভোর ৪টার দিকে যশোরের বেনাপোল সীমান্তের ওপারে ভারতের কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে আরো এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কাকডাঙ্গা সীমান্ত এলাকার লোকজন জানান, ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ আলতাফ ও পঞ্চননকে লক্ষ করে গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
সাতক্ষীরা-৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বাছির ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, সীমান্তের জিরো পয়েন্ট থেকে ২০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে এ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুলাই ০২, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর