৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:৩২ এএম BDST banglanew24
05 Jul 2012   07:08:39 PM   Thursday BdST
E-mail this

বিভক্ত ডিসিসির বাজেট বাড়লো ১ হাজার ৩২ কোটি টাকা


ইসমাইল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিভক্ত ডিসিসির বাজেট বাড়লো ১ হাজার ৩২ কোটি টাকা

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন বিভক্ত করার পর প্রথমবারের মতো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট বাজেটের পরিধি বেড়েছে ১ হাজার ৩২ কোটি টাকা।

বৃহস্পতিবার ঢাকা উত্তরের জন্য ১ হাজার ৯৬৬ কোটি এবং দক্ষিণের জন্য ১ হাজার ৭৮১ দশমিক ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। দুই সিটি করপোরেশন মিলে মোট ৩ হাজার ৭৪৭ দশমিক ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। গত বছর অবিভক্ত ডিসিসির বাজেট ছিল ২ হাজার ৭১৫ কোটি টাকা।

প্রশাসনিক ও নাগরিক সুযোগ-সুবিধার কথা বলে বর্তমান সরকার ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার সিদ্ধান্ত নেয়। গত বছরের ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঢাকাকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করা হয়। বৈঠকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০১ সংশোধনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের মাধ্যমে ডিসিসি দুই ভাগ করার প্রস্তাব অনুমোদিত হয়।

ওই সময় সরকারের পক্ষ থেকে বলা হয়, ঢাকার মতো এত বড় নগরীর নিয়ন্ত্রণ একটি মাত্র সিটি করপোরেশনের মাধ্যমে সম্ভব নয় বলেই একে দু’ভাগ হলো। ১ হাজার ৫৩০ বর্গকিলোমিটারের এই নগরীর ৯২টি ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তর এবং ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণ সিটি করপোরেশন করা হয়।

গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে ঢাকাকে দুই ভাগ করার বিল পাস হয়। ডিসিসি উত্তরের ওয়ার্ডগুলো হলো-১ থেকে ২৩ নম্বর ওয়ার্ড এবং ৩৭, ৪৫, ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড। ডিসিসি দক্ষিণে রয়েছে ২৪ থেকে ৩৬ নম্বর ওয়ার্ড, ৩৮ থেকে ৫৩ নম্বর ওয়ার্ড, ৫৬ থেকে ৬৬ নম্বর ওয়ার্ড এবং ৬, ৭, ৬৮ ও ৯২ নম্বর ওয়ার্ড।

৩১ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ সিটির জন্য যথাক্রমে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিল্লার রহমানকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর আগে উত্তরের প্রশাসক ছিলেন খুরশেদ আলম চৌধুরী এবং দক্ষিণের দায়িত্বে ছিলেন খলিলুর রহমান।

২০১১ সালের ডিসেম্বর মাসে ডিসিসি উত্তর ও দক্ষিণ হিসেবে যাত্রা শুরু করে। তখন থেকে দুই সিটির জন্য আলাদাভাবে প্রশাসনিক ও উন্নয়ন কাজ পরিচালিত হয়ে আসছে।

ডিসিসি ভাগের বিরুদ্ধে বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা আদালতের শরণাপন্ন হন। আর বিরোধী দল হরতালসহ নানা কর্মসূচি পালন করে। তবে থেমে থাকেনি কার্যক্রম।

বৃহস্পতিবার সকালে বনানী কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ মোট ১ হাজার ৯৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ডিসেম্বর ২০১১ থেকে জুন ২০১২ পর্যন্ত ৫৮১ কোটি টাকার সংশোধিত বাজেট এর মধ্যে রয়েছে।

প্রস্তাবিত বাজেটে ২০১২-২০১৩ অর্থ বছরে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮২ দশমিক ৭৫ কোটি টাকা। এরমধ্যে হোল্ডিং ট্যাক্স বাবদ ১৬ কোটি, বিজ্ঞাপন ফি বাবদ ১০ কোটি, বাস-ট্রাক টার্মিনাল থেকে ৬ কোটি, পশুহাট ইজারা বাবদ ১১ দশমিক ৫ কোটি, রাস্তা খনন ফি বাবদ ৪০ কোটি, যন্ত্রপাতি ভাড়া বাবদ ২ কোটি, সম্পত্তি হস্তান্তর খাতে ৮০ কোটি, ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ, বিদ্যুৎ বিল আদায় খাত থেকে ৩ দশমিক ২৫ কোটি ও অন্যান্য আয়ের খাত থেকে ১ কোটি টাকা আয় আসবে।

বাজেট ঘোষণাকালে ডিসিসি উত্তরের প্রশাসক মো. শাহজাহান আলী মোল্লা বলেন, সরকারি ‍উন্নয়ন অনুদান (বিশেষ অনুদানসহ) ২০ কোটি টাকা পাওয়ার আশা করা হচ্ছে। সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে প্রায় ৫০৩ কোটি টাকা পাওয়া যাবে। এছাড়াও সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) প্রকল্প থেকে ৯৪০ কোটি টাকার প্রকল্প সাহায্য হিসাবে পাওয়ার আশা করছি।

এ সময় ডিসিসি উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল ৩টায় ডিসিসি দক্ষিণের ১ হাজার ৭৮১ দশমিক ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। গুলিস্তানে নগর ভবনে বাজেট ঘোষণা করেন দক্ষিণের প্রশাসক মো. জিল্লার রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিসিসি দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানুল ইসলাম চৌধুরী।

বাজেটে আয় ঘোষণা করা হয়েছে- রাজস্ব খাতে ৪৫৯ দশমিক ১৮ কোটি টাকা। অন্যান্য খাত থেকে ৫৬ দশমিক ৫০ কোটি টাকা, সরকারি অনুদান (থোক) ৩৭ কোটি টাকা, সরকারি বিশেষ অনুদান ২৫ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প/সরকারি ও বেসরকারি অংশীদারিত্বভিত্তিক (পিপিপি) প্রকল্প ১১শ ৮৯ কোটি টাকা।

ব্যয়ের খাত দেখানো হয়েছে- রাজস্ব খাতে ২৪২ দশমিক ৭০ কোটি টাকা, অন্যান্য খাতে ৭ দশমিক ৪৫ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১ হাজার ৫১৬ দশমিক ৫৩ কোটি টাকা।

এবার হোল্ডিং ট্যাক্স শতকরা ১০ ভাগ বৃদ্ধি করা হয়েছে। মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।

স্বাগত বক্তব্যে সুলতানুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা শহরে প্রতিনিয়ত জনসংখ্যার চাপ বাড়ছে। বিদেশি নাগরিকরাও ঢাকায় বসবাস করে। এখন নগরায়নের তুলনা হয় বিশ্বায়নের সঙ্গে। তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন ১৪৮ বছরের পুরনো প্রতিষ্ঠান, যা নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছে। পরে এটিকে দু’ভাগ করা হয়।

তিনি বলেন, এবারের বাজেটে রাজস্ব ব্যবস্থা আধুনিকীকরণ, কমিউনিটি সেন্টারের আধুনিক ব্যবস্থাপনা, ই-টেন্ডারিং ব্যবস্থা, ডিজিটাইলড মানবসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২

এমআইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান