ঢাকা: আগামী ২৬ নভেম্বর (সোমবার) থেকে আর্গন ডেনিমস কোম্পানির আইপিও (ইনিশিয়াল পাবলিক অফার) আবেদন নেওয়া শুরু হবে। সাধারণ বিনিয়োগকারীরা আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে বিদেশি বাঙালিরা (এনআরবি) আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আর্গন ডেনিমস বাজারে তিন কোটি সাধারণ শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২৫ টাকা প্রিমিয়ামসহ অফার প্রাইস ধরা হয়েছে ৩৫ টাকা। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০৫ কোটি টাকা সংগ্রহ করবে। শেয়ারের মার্কেট লট ধরা হয়েছে ২০০টিতে। প্রতিটি লটের জন্য আবেদনকারীকে দিতে হবে সাত হাজার টাকা।
আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা কোম্পানিটির ঋণ পরিশোধ এবং ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হবে।
২০১১ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের হিসেব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২০ টাকা ৭১ পয়সা। এই সময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়ায় ৫ টাকা ৪৬ পয়সা।
কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/আরআর