চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় প্যাগোডার টাওয়ারে ওঠার চাবি না দেওয়ায় এক শিক্ষার্থীর লেপ-তোষকপুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের বিশ্ব শান্তি প্যাগোড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্যাগোডার আবাসিক ছাত্ররা জানায়, শুক্রবার বিকেলে ছাত্রলীগ কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো.সাহেদ তার সহপাঠীকে নিয়ে বিশ্ব শান্তি প্যাগোড়ায় বেড়াতে যায়।
এসময় সাহেদ প্যাগোডার পর্যবেক্ষণ টাওয়ারে ওঠার জন্য সেখানে অবস্থানরত ইংরেজী তৃতীয় বর্ষের দিলীপ তঞ্চঙ্গ্যাকে চাবি দিতে বলে। দিলীপ তার কাছে চাবি বলে সাহেদকে জানিয়ে দেয়। পরে সাহেদ তার সহপাঠীকে নিয়ে প্যাগোডা থেকে চলে যায়।
এরপর বিকেল পৌনে ৫টার দিকে দিলীপের কাছেই টাওয়ারের দরজার চাবি সংরক্ষিত আছে জানতে পেরে ১৫-২০ জন সহযোগী নিয়ে দিলীপের কক্ষ হামলা চালায়। এসময় ওই কক্ষে না পেয়ে দিলীপের ব্যবহৃত লেপ-তোষকে আগুন ধরিয়ে দেয় বলে প্যাগোডায় বসবাসরত শিক্ষার্থীরা জানান।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,‘দু’শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডার জের ধরে প্যাগোডায় বসবাসরত এক শিক্ষার্থীর কাপড়-চোপড়ে আগুন লাগিয়ে দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
ছাত্রলীগ চবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুমন মামুন বাংলানিউজকে বলেন, ‘জুনিয়র এক ছাত্রের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়েছিল। তাৎক্ষনিক তা সমাধান করা হয়েছে।‘
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. খান তৌহিদ ওসমান বাংলানিউজকে বলেন, ‘প্যাগোডায় এক শিক্ষার্থীর কাপড়-চোপড়ে আগুন লাগানোর ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়ে তা সমাধান করা হয়েছে। তবে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, বিশ্বশান্তি প্যাগোড়া বিশ্ববিদ্যালয়ে পড়–য়া বৌদ্ধ ধর্মের অনুসারী শিক্ষার্থীদের আবাসস্থল ও উপসনালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০ ৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এমবিএম/এমইউ