বলিউডের সাবেক সুপারস্টার রাজেশ খান্নার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই তাকে রিলিজ দেয়া হবে।
রাজেশ খান্না ১৯ জুন মঙ্গলবার থেকে খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়ায় তার অবস্থা গুরুতর খারাপ হতে থাকে। মাঝে কিছুটা সুস্থ হলেও শনিবার (২৩ জুন) থেকে অবস্থা আবারও জটিল হতে থাকে। এরপর ২৪ জুন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
পরীক্ষা-নীরিক্ষা করার পর চিকিৎসকরা জানান, রাজেশ খান্না লিভারের ইনফেকশন আর কিডনিজনিত সমস্যায় ভুগছেন। তার দুইটি কিডনির অবস্থা আশঙ্কাজনক। তাকে ডায়ালাইসিস করানো হয়েছে। এখন তিনি অনেকটাই ভালো। তাই দু-একদিনের মধ্যে বাড়িতে পিরে যাবেন।
কিন্তু সপ্তাহে তাকে তিনবার ডায়ালাইসিস করাতে হাসপাতালে আসতে হবে। কিডনি পরিবর্তন করেও তার শারীরিক অবস্থার আরও উন্নতি সম্ভব। কিন্তু তার বয়সটার কারণে এক্ষেত্রেও ঝুঁকি থেকে যায়।
হাসপাতালে ৬৯ বছর বয়সী অভিনেতা রাজেশ খান্নাকে দেখাশোনার জন্যে সব সময় পাশে আছেন তার জামাই অক্ষয় কুমার ও সাবেক স্ত্রী ডিম্পল কাপাডিয়া। ছোট মেয়ে রিঙ্কি খান্নাও লন্ডন থেকে মুম্বাইয়ে ছুটে আসেন বাবার অসুস্থতার খবর পেয়ে।
বাংলাদেশ সময় : ১৩২০, জুন ২৫, ২০১২
সম্পাদনা : অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com