ঢাকা: রেকর্ড ডেট থাকার কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন মঙ্গলবার স্থগিত থাকবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির শেয়ার গত ২৪ থেকে ২৮ মে পর্যন্ত স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন চলবে। এজন্য কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মে।
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ব্র্যাক ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ১৫ টাকা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৮ দশমিক ৮০ টাকা।
ব্যাংকিং খাতের এ কোম্পানি ২০১০ সালের সমাপনী বছরে ২০ শতাংশ স্টক লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
এছাড়া, ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের শেয়ারহোল্ডারদের দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দিবে।
জানা যায়, কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য কোম্পানি এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ২৫ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ারের প্রিমিয়াম ধরা হয়েছে ১৫ টাকা। তবে এ বিষয়ে কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।
কোম্পানির ইজিএম আগামী ২৮ জুন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মে। ইজিএমের স্থান পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর