ঢাকা: দুই বছর পর ফের জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হচ্ছে। মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় পাঁচদিন ব্যাপী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ২০৮ জন ক্ষুদে শাটলার।
প্রতিযোগিতা উপলক্ষ্যে সোমবার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন দিক সম্পর্কে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রানা। তিনি জানান, বালক অনুর্ধ্ব-১৪ ও ১৮ এবং বালিকা অনূর্ধ্ব-১৪ ও ১৯ এই চারটি ডিসিপ্লিনে খেলা হবে। প্রত্যেক ডিসিপ্লিনেই সিঙ্গেল ও ডাবল ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ, ৩৭টি জেলা, চারটি শিক্ষা বোর্ড ও দু’টি সংস্থার ক্ষুদে শাটলাররা অংশ নেবেন।
১০ লাখ টাকা বাজেটের টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক এমএম ইস্পাহানী লিমিটেড দিচ্ছে পাঁচ লাখ টাকা। বাকি অর্থ ফেডারেশনের তহবিল থেকে খরচ করা হবে বলে জানান ফেডারেশনের সভাপতি রুবাবা দৌলা।
সর্বশেষ ২০০৯ সালে পাবনায় অনুষ্ঠিত হয়েছিল জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ২৫, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস