বগুড়া: সংগঠনিক সফর ও দিনাজপুরে জনসভায় যোগদানের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আগমন উপলক্ষে মানব প্রাচীর ও ফুল দিয়ে সাজানো থাকবে রাস্তা। আর এসব কর্মসূচিতে শুধু বিএনপি নয়, বরং নির্দলীয় বা অরাজনৈতিক ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলেও দাবি করেন বিএনপি নেতারা।
শনিবার সকালে বগুড়া জেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু হোসেন সরকার আবুল ও দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু এমন কথাই জানান বাংলানিউজকে।
তারা জানান, খালেদা জিয়ার আগমন ও বগুড়া সার্কিট হাউসে রাত যাপনের বিষয়টি এরইমধ্যেই সাধারণ মানুষের মাঝে আলাদা এক ধরনের শক্তির সঞ্চার করেছে। আর যে কারণে আগে থেকেই দলীয় নেতাদের পাশাপাশি বগুড়ার সাধারণ মানুষও তাদের সঙ্গে যোগাযোগ করে মানবপ্রাচীর ও রাস্তায় ফুল বিছিয়ে শুভেচ্ছা জানাতে প্রস্তুত তাদের নেতা খালেদা জিয়াকে।
এরই ধারাবাহিকতায় বগুড়া প্রবেশের আগেই শেরপুর উপজেলাধীন ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাজার থেকে শুরু করে জেলা শহরের সাতমাথা পর্যন্ত মানব প্রাচীর তৈরি হবে। এছাড়া ২৩ সেপ্টেম্বর বগুড়া ছেড়ে যাওয়ার সময় বগুড়া সার্কিট হাউস থেকে শিবগঞ্জ উপজেলাধীন মহাস্থান পর্যন্ত রাস্তায় ফুল বিছিয়ে শুভেচ্ছা জানাবেন এলাকাবাসী।
তবে বগুড়ায় প্রবেশ বা ত্যাগ করা পর্যন্ত খালেদা জিয়া কোথাও কোন রকম পথসভা বা সভা করবেন কি-না এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা রাজু জানান, দলের পক্ষ থেকে আপতত এ ধরনের কোন রকম সিদ্ধান্ত নেই।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
জেডএম/