যশোর: যশোরে শনিবার দুপুরে গ্রামীণ ফোনের বিপণন কর্মকর্তা মাসুদুর রহমানের পায়ে গুলি করে ছিনতাইকারীরা দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রামীণ ফোন যশোর কার্যালয়ের মহাব্যবস্থাপক মেহেদি হাসান বাংলানিউজকে জানান, আহত মাসুদুর রহমান গ্রামীণ ফোনের যশোর ব্রাঞ্চের ডিস্ট্রিবিউশন হাউজের বিপণন কর্মকর্তা।
যশোর সদরের চুড়ামনকাটি এলাকায় গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বেলা ২টার দিকে মোটরসাইকেলে তিনি সাতমাইলের দিকে যাচ্ছিলেন।
পথে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে স্পিড ব্রেকারে মোটরসাইকেলের গতি কমালে পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি পায়ে বিদ্ধ হলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান।
এ সময় ছিনতাইকারী তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই মাসুদুর রহমান ফোনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গ্রামীণ ফোনের মহাব্যবস্থাপক মেহেদি হাসান জানান, ছিনতাই হওয়া ব্যাগে ২ লক্ষাধিক টাকা ছিল।
তিনি বলেন, ‘মাসুদুর রহমান কিছুটা সুস্থ হলেই আমরা মামলা করার বিষয়ে চিন্তা করবো।’
যোগাযোগ করা হলে কোতয়ালি থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন বলেন, ‘তিনি ঘটনা শুনেছেন। এখনও কেউ থানায় অভিযোগ করেননি।’
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২
প্রতিবেদন: তৌহিদ জামান
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর