 |
লন্ডন: অ্যালেক্স হালসের ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। কিন্তু হালসের জন্য দুঃখ, মাত্র এক রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন। যদিও দ্বিতীয় উইকেটে হালস ও রবি বোপারার রেকর্ড ১৫৯ রানের জুটিতে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজ: ১৭২/৪ (ওভার ২০)
ইংল্যান্ড:১৭৩/৩ (ওভার ১৯.৪)
ফল: ইংল্যান্ড সাত উইকেটে জয়ী
ওয়েস্ট ইন্ডিজের বেঁধে দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১০ রানে রবি রামপলের বলে ক্যাচ দেন ক্রেগ কিসওয়েটার (৩)। এই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফেরার পর দ্বিতীয় উইকেট জুটিতে ক্যারিবীয় বোলারদের উপর চড়াও হন হালেস ও বোপারা।
দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে পৌঁছে দিলেও ডানহাতি ব্যাটসম্যান ব্যাক্তিগত ৯৯ রানে রামপলের বলে বোল্ড হন। তার ৬৮ বলের ইনিংসে ছয়টি চার ও চারটি ছয়ের মারে সাজানো। হালস আউট হওয়ার পর ক্রিজে থাকা হয়নি অপর সফল ব্যাটসম্যান বোপারার। জয়ের জন্য দুই রান বাকি থাকতে মারলন স্যামুয়েলসের বলে ক্যাচ দেন কিসওয়েটার (৫৯)। জয় পেতে মাঠে নামতে হয় ওইন মরগান (২) ও জোস বাটলার (০)’কে।
এদিকে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খেতে হয় ক্যারিবীয় শিবিরকে। ১০ রানের মাথায় টি-টোয়েন্টির সবচেয়ে মারকাটারি ব্যাটসম্যান ক্রিস গেইলকে (২) হারিয়ে বসে। আট বল মোকাবেলা করে স্টিভেন ফিনের বলে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
গেইল বিদায় নেওয়ার পর দলের স্কোরকে সচল রাখেন আরেক ওপেনার ডুয়াইন স্মিথ। তবে সফল হতে পারেননি অপর দুই মিডল অর্ডার ব্যাটসম্যান লেন্ডি সিমন্স (৬) ও মারলন স্যামুয়েলস (৪)। এরপর দলের স্কোর ১০৭ রানে বিদায় নেন স্মিথ (৭০)।
স্মিথ সাজঘরে ফেরার পর ড্যারেন ব্রাভো (৫৪) ও কিয়েরন পোলার্ডের (২৩) হার না মানা ব্যাটিংয়ের সুবাদে ১৭২ রানে শেষ হয় ক্যারিবীয় ইনিংস। স্টিভেন ফিন নেন দুই উইকেট। এছাড়া গ্রায়েম সোয়ান ও স্টুয়ার্ট ব্রড পান একটি করে উইকেট।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২৫, ২০১২
এমএইচ
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস