চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কোতয়ালী থানায় দায়ের হওয়া দু’টি মামলায় নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম, রাউজানের পৌর মেয়র আবদুল্লাহ আল হাসানসহ ৪৭ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুর তাদের জামিন মঞ্জুর করেন।
তবে জামিন পেলেও দ্রুত বিচার আইনে দায়ের একটি মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার থাকায় সাংসদ আ ন ম শামসুল ইসলাম মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছে আদালত সূত্র।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ বাংলানিউজকে জানান, দু’টি মামলায় ৪৭ জন হাইকোর্ট থেকে গত ২১ মে একমাসের জামিন পেয়েছিলেন। মেয়াদ শেষে আজ (বৃহস্পতিবার) তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের মামলার আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছেন।
উল্লেখ্য, দু’টি মামলার মধ্যে একটির ধার্য তারিখ আগামী ২৬ জুন ও অপরটির আগামী ৪ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৩ মে বিকেলে নগরীর নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে জোটের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর বিভিন্ন পয়েন্টে।
নগরীর কাজীর দেউড়ির মোড়ে জামায়াত-শিবিরের একটি মিছিলকে সারিবদ্ধভাবে সমাবেশে যোগ দেওয়ার জন্য পুলিশের অনুরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় দু’ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, জোটের নেতাকর্মীসহ কমপক্ষে ১০০ জন আহত হন।
এ ঘটনায় বিএনপি-জামায়াতের জ্যেষ্ঠ নেতা, সাংসদসহ পৃথকভাবে মোট দু’হাজার ১শ’ জনকে আসামি করে নগরীর কোতয়ালী থানায় চারটি ও খুলশী থানায় দু’টিসহ মোট ৬টি মামলা দায়ের করে পুলিশ।
এর মধ্যে দ্রুত বিচার আইনে দায়ের হওয়া তিনটি মামলায় গত ২৩ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। বাকি মামলাগুলোতে এখনও অভিযোগপত্র দাখিল করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৭ ২৫ ঘণ্টা, জুন, ২১, ২০১২
আরডিজি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট