খুলনা: খুলনায় জামায়াত-শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় মহানগর দলীয় কার্যালয় চত্বরে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগ সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, এমডিএ বাবুল রানা, শেখ সিদ্দিকুর রহমান, শ্যামল সিংহ রায়, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, মো. মাহবুব আলম সোহাগ, জাহাঙ্গীর হোসেন, কেসিসি প্যানেল মেয়র আজমল আহমেদ তপন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শাহজাহান পারভেজ, লুৎফুন্নেছা লুৎফা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘যেখানে জামায়াত-শিবির সেখানেই প্রতিরোধ। হরতালে মাঠে নামলে তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। কোনো ছাড় দেওয়া হবেনা। জামায়াত-শিবিরকে আজ জাতি প্রত্যাখ্যান করেছে। তাদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ।’
তারা আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য জামায়াত-শিবিরের ডাকা হরতালকে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে দেশবাসী আজ যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে সমর্থন জানিয়েছেন।’
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
মাহবুবুর রহমান মুন্না/সম্পাদনা: বেনু সূত্রধর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর