যশোর: যশোরে চিহ্নিত সন্ত্রাসীরা একটি প্রাইভেট ক্লিনিকে হানা দিয়ে এক তরুণীকে লাঞ্ছিত করে মোবাইল সেট ও টাকা ছিনিয়ে নিয়েছে।
শুক্রবার দুপুরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্শ¦বর্তী প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।
যশোর সদর উপজেলার ইছালি গ্রামের আব্দুস সালামের ছেলে জসিম জানান, দুপুরে তিনি তার বোন নুসরাত ইয়াসমিন মুন্নীকে নিয়ে ডাক্তার দেখাতে প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে যান।
এ সময় স্থানীয় সন্ত্রাসী গুল্লু, সবুজসহ ৭/৮ জনের একটি চক্র ওই ক্লিনিকে হানা দিয়ে তাদের ওপর চড়াও হয়। তারা ভাই-বোন নয় দাবি করে সন্ত্রাসীরা প্রথমে তাদের হুমকি-ধামকি দিয়ে চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের লাঞ্ছিত করে ২ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
সন্ত্রাসীদের টানা হেঁচড়ায় ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে যশোর কোতয়ালি মডেল থানার এএসআই নুরুল আমিন ঘটনাস্থলে যান।
এএসআই নুরুল আমিন জানান, সন্ত্রাসীরা ক্লিনিকে গিয়ে ঝামেলা করছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনার শিকার ওই তরুণীর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৮, ২০১২
মিলন রহমান/সম্পাদনা: সাদি