 |
প্যারিস: অসুস্থতার কাছে হার মানতে চাননি সাবেক বিশ্বসেরা ভেনাস উইলিয়ামস। অপ্রতিরোধ্য মানসিকতাই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে দিয়েছে এই মার্কিন তারকাকে। প্রথম রাউন্ডে তিনি হারান আর্জেন্টিনার পলা অর্মাচেয়াকে।
গত বছর ইউএস ওপেনের পর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত কোর্টে নামতে পারেননি সাতটি গ্র্যান্ড সø্যাম জয়ী ভেনাস। সগ্রেন সিনড্রোম রোগে আক্রান্ত তিনি। এ রোগের কারণে কিনডি, রক্ত কনিকা, যকৃত, ফুসফুসসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ আক্রান্ত হয়। এছাড়া হাড়ে ব্যথা অনুভব করাসহ অবশাদগ্রস্ত হয়ে পড়েন রোগী।
তারপরও কোর্টের লড়াইয়ে ভালো করেছেন তিনি। জয় দিয়ে শুরু করেছেন ফ্রেঞ্চ ওপেন। প্রথম রাউন্ডে পলার কাছে ৬-৪ গেমে হেরে যাওয়ার পর দ্রুতই ম্যাচে ফেরেন সাবেক বিশ্বসেরা। পরের দুই সেট ৬-১ ও ৬-৩ গেমে জিতে নিশ্চিত করেন দ্বিতীয় রাউন্ড।
জয়ের পর বলেন, ‘এ প্রতিযোগিতায় জয় পাওয়া দারুণ অর্জন। রোগের সঙ্গে কিভাবে মানিয়ে নিতে পারি সেটা শিখতে পারাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি সর্বোচ্চ চেষ্টা করছি।’
এ মুহূর্তে ভেনাসের স্বপ্ন হলো লন্ডন অলিম্পিকে অংশ নিতে পারা। বলেন, ‘আমি যদি অলিম্পিকে খেলতে পারি। তাহলে অবসরে চলে যাবো। আর আমাকে কোর্টে দেখতে পাওয়া যাবে না।’
এদিকে মেয়েদের এককে জয় পেয়েছেন ২০০৮ মৌসুমের আনা ইভানোভিচ ও ২০০৯ মৌসুমের চ্যাম্পিয়ন সভেৎলানা কুজনেৎসোভা। ইভানোভিচ ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন লারা অরুবারেনা-ভেসিনোকে। সভেৎলানা ৬-১ ও ৬-৩ গেমে হারিয়েছেন মিরজানা লুসিককে। এছাড়া এলিনাকে ৬-৪ ও ৬-০ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সামান্থা স্টোসুর।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস