 |
ঢাকা: জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদকে দেখতে ব্যক্তিগত সফরে নিউইয়র্ক আসছেন অভিনেতা ও সরকারদলীয় সাংসদ আসাদুজ্জামান নূর।
রোববার স্থানীয় সময় বিকেল তিনটায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে তাকে বহনকারী প্লেনটি অবতরণ করবে। হুমায়ূন আহমেদের পারিবারিক সূত্রে এতথ্য জানা গেছে।
উল্লেখ্য, এক সময়ের অত্যন্ত জনপ্রিয় টিভি নাটক ‘কোথাও কেউ নেই’-এর কেন্দ্রীয় ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। নাটকটির রচয়িতা হুমায়ূন আহমেদ।
নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে হুমায়ূন আহমেদের চিকিৎসা চলছে। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, অত্যন্ত ধীরগতিতে লেখকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
আরেক জনপ্রিয় সায়েন্স ফিকশান লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রতিদিনই বড় ভাই হুমায়ূনের পাশে দীর্ঘ সময় কাটাচ্ছেন। স্ত্রী মেহের আফরোজ শাওন রয়েছেন হুমায়ূনের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে। অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলামও রয়েছেন লেখকের পাশে।
সম্প্রতি ছোট মেয়ে বিপাশা তার স্বামীকে নিয়ে বাবা হুমায়ূন আহমেদকে দেখে গেছেন।
চিকিৎসক ডা. জর্জ মিলার প্রতিদিনই লেখককে দেখে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com