 |
ঢাকা: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক অভিযোগ করেছেন, আফগান সরকার পাক তালেবানের শীর্ষস্থানীয় নেতা ফজলুল্লাহকে মদদ দিচ্ছে। এ তালেবান নেতা ইসলামাবাদ সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত।
তালেবান জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) ঘনিষ্ঠ সম্পর্ক আছে আফগানিস্তানের হামিদ কারজাই সরকার বরাবরই এমন অভিযোগ করে আসছে। এখন উল্টো পাকিস্তানই আফগান সরকারের বিরুদ্ধে একই অভিযোগ তুলল।
পাকিস্তানের এ অভিযোগের ফলে পাক-আফগান সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “তালেবান নেতা ফজলুল্লাহ আফগানিস্তান থেকে সীমান্ত এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ পরিচালনা করছে।”
ফজলুল্লাহ সোয়াত উপত্যকায় পাকিস্তানি সেনা বাহিনীর সর্বাত্মক অভিযানের মুখে টিকতে না পেরে কয়েক বছর আগে আফগানিস্তানে পালিয়ে যান।
রোববার মন্ত্রী রেহমান মালিক বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষৎকারে বলেন, “আমার ধারণা, আফগান সরকারের একটি অংশ পাকিস্তানে নাশকতা চালানোর জন্য তালেবান জঙ্গিদের মদদ দিচ্ছে।”
এর প্রতিক্রিয়ায় আফগান কর্তৃপক্ষ বলেছে, আফগানিস্তানের তালেবান যোদ্ধা ও অন্যান্য বিদ্রোহী গ্রুপকে পাকিস্তানের সমর্থন দেওয়ার যে বহুল আলোচিত ইতিহাস রয়েছে তা থেকে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে পাকিস্তান এ নতুন কৌশল বেছে নিয়েছে।
অন্যদিকে পশ্চিমা শাসকগোষ্ঠিও মনে করে ১৯৯০’র মাঝামাঝি থেকে শুরু হওয়া আফগানিস্তানের তালেবান আন্দোলনকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সমর্থন দিয়ে আসছে।
অবশ্য ফজলুল্লাহকে আফগান সরকারের সমর্থন করার দাবির পক্ষে রেহমান মালিক কোন সুস্পস্ট প্রমাণ বা ব্যাখ্যা উপস্থাপন করেননি।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর মুখপাত্র সাদিক সিদ্দিকি পাকিস্তানের এ অভিযোগকে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১২
মামুন-অর-রশিদ/ সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর