আসছে ২১ ফেব্রুয়ারির জন্য নির্মাণ হয়েছে বিশেষ ধারাবাহিক নাটক ‘প্রেরণা’। সৈয়দ জিয়া উদ্দিন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সাজ্জাদ সুমন। ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিটে নাটকটি চ্যানেলটোয়েন্টিফোরে প্রচার হবে।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা. শ্যামল মাওলা, শামীম হাসান, আরাবী, বান্না, লিনা আহম্মেদ, শাহাবুদ্দীন কমল, আফজাল কবীর মিথিলা ইবরার, সৌমি এবং হাসান ইমাম।
নাটকটি নিয়ে পরিচালক সাজ্জাদ সুমন বলেন ‘একুশে ফেব্রুয়ারি । শহীদ মিনার। ফুল। কালচারাল অনুষ্ঠান। নতুন টিশার্ট-পাঞ্জাবী- ফ্যাশন। সব মিলিয়ে বেশির ভাগ ক্ষেত্রে একুশে ফেব্রুয়ারি আজ একটি আনুষ্ঠানিকতা। মুখে আর কথাতেই শুধু একুশের চেতনা। কিন্তু আর সব আন্দোলনের মত একুশের আন্দোলনও ছিল একটা অধিকার আদায়ের লড়াই। একুশে চেতনা মানে নিজের অধিকারের জন্য যুদ্ধ করার চেতনা। আমাদের এই গল্পে কয়েকজন তরুণ একুশে ফেব্রুয়ারিকে শুধু অনুষ্ঠান হিসাবে সেলিব্রেট করবে না, বরং তাদের একটি অধিকরকে আদায় করে ছাড়বে।’
সম্প্রতি ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং শেষ হয়েছে।
বাংলাদেশ সময় : ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
জিআর