মিস্টার বিন নামের মানুষটা প্রাপ্তবয়স্ক হলেও মনটা সেই শৈশবেই আটকে আছে। তার শিশুসুলভ আচরণ জর্জরিত হয় নির্মম বাস্তবতার মাঝে। মিস্টার বিন সিরিজ পছন্দ করেন না এমন বেরসিক মানুষ বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। শিশুসুলভ সরলতা আর আনাড়ি কার্যকলাপের কারণে মিস্টার বিন বিশ্বের দেশে দেশে পেয়েছে তুমুল জনপ্রিয়তা। মিস্টার বিনকে মূখ্য চরিত্র করে এবার ইন্দোনেশিয়ায় নির্মিত হয়েছে ভৌতিক চলচ্চিত্র ‘বিন কেসুরুপান ডিপি’।
কে-টু-কে প্রোডাকশনের ব্যানারে নির্মিত হরর মুভি ‘বিন কেসুরুপান ডিপি’ সম্প্রতি ইন্দোনেশিয়ায় মুক্তি পাওয়ার পর দর্শক উপচে পড়ছে সেখানকার সিনেমা হলগুলোতে। মজার ব্যাপার হলো, মিস্টার বিনকে যিনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন সেই বিখ্যাত কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন এ ছবিটিতে অভিনয় করেন নি। এতে বিন চরিত্রে অভিনয় করেছেন একজন অপরিচিত ব্রিটিশ অভিনেতা, যার চেহারার সঙ্গে খানিকটা মিল আছে রোয়ান অ্যাটকিনসনের। তাতে কী ? তাকে দেখতেই হুমড়ি খেয়ে পড়েছেন ইন্দোনেশিয়ার দর্শকেরা।
এদিকে ইন্দোনেশিয়ায় ‘নকল মিস্টার বিন’ এর আবির্ভাবে আসল মিস্টার বিনের অফিসিয়াল ফেসবুক পেজ জানানো হয়েছে সতর্ক বার্তা ‘নকল মিস্টার বিনের আবির্ভাব! সাবধান !!’ দর্শকদের উদ্দেশ্যে বলা হয়েছে, কেউ যেন চলচ্চিত্রটি দেখে হতাশ না হন এই ভেবে যে, এটা মিস্টার বিন সিরিজের নিজস্ব প্রডাকশন। সবার প্রিয় রোয়ান অ্যাটকিনসনের সাথে এই ছবিটির কোন সম্পৃক্ততা নেই।
এদিকে হরর মুভি ‘বিন কেসুরুপান ডিপি’-এর প্রডিউসার কেকে ধিরাজ এই ঘোষণার প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘মিস্টার বিন নামে পৃথিবীর বিভিন্ন দেশে নানারকম সামগ্রী আছে। যেমন কফি, ফ্রুট, টয়, ইক্যুয়েমেন্ট ইত্যাদি। মালয়েশিয়ায় আছে মিস্টার বিন স্ন্যাকস্। তার মানে এই নয় যে, এসব সামগ্রীর মালিকানা মিস্টার বিন চরিত্রের অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের। আমরা শুধু ‘বিন’ শব্দটি সিনেমার নামকরণে ব্যবহার করেছি। ছবিটিকে কখনোই মূল মিস্টার বিনের প্রডাকশন বলে দাবী করিনি।’
‘বিন কেসুরুপান ডিপি’ ছবিটিতে অভিনয় করছেন ইন্দোনেশিয়ার বিখ্যাত অভিনেত্রী দেভি পারসিক। তার বিরুদ্ধে ইন্দোনেশিয়ার মিডিয়া অভিযোগ করেছে, শুটিং চলার সময় অভিনেত্রী দেভি প্রচার করেছেন যে তার বিপরীতে মিস্টার বিন খ্যাত বিখ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসন অভিনয় করেছেন। কিন্তু ছবিটি মুক্তির পর দেখা গেলো, তিনি মিথ্যে প্রচার করেছেন। এ বিষয়ে দেভি আত্মপক্ষ সমর্থন করে টুইটারে লিখেছেন, ‘এটা ছিল একটা বিজনেজ ট্রিকস্’।
আপত্তির বিষয় হল, ‘বিন কেসুরুপান ডিপি’-এর প্রডিউসার তার ছবিতে বিন চরিত্রভিনেতার আসল নামটি গোপন রেখেছেন। তাকে পরিচিত করে তুলেছেন মিস্টার বিন নামেই। অভিনেত্রী দেভি পারসিক নিজেও বলেছেন,‘ আমি তার আসল নাম জানি না। আমি শুধু জানি উনি মিস্টার বিন।’
বাংলাদেশ সময় ১৪৩৫, জুন ১৬, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।