ক্যালিফোর্নিয়া: ব্যাংক অব ওয়েস্ট টেনিস প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা উইলিয়ামস। গত সপ্তাহে উইম্বডলনের শিরোপা জেতা সেরেনা জীবনে অসংখ্যবার উঠেছেন বিভিন্ন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে। তবে সেরেনার প্রতিপক্ষ স্বদেশী কোকো ভান্দেওয়েগের কাছে ফাইনালের বিষয়টি অন্যরকম। প্রথমবারের মতো ডব্লউটিএ প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন ২০ বছর বয়সী এই মার্কিনী।
খারাপ সময় পেছনে ফেলে আবার সাফল্যের রাস্তায় উঠেছেন সাবেক বিশ্বসেরা সেরেনা। ব্যাংক অব ওয়েস্ট টেনিস প্রতিযোগিতাতেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ের চতুর্থ তারকা প্রথম সেটে ৬-১ গেমে জেতেন সোরানা কির্সতেয়ারের বিপক্ষে। দ্বিতীয় সেটে রোমানিয়ার তারকাকে ৩-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন সেরেনা।
ফাইনালে তিনি মুখোমুখি হবেন স্বদেশী কোকো ভান্দেওয়েগের বিপক্ষে। কোকো ৬-২, ৩-২ ও ৬-২ গেমে বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়ারকে হারিয়ে প্রথম বারের মতো উঠেছেন ডব্লউটিএ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস