ঢাকা: পুঁজিবাজারের ধারাবাহিক দরপতনের প্রতিবাদ জানাতে এবার অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে ‘জিকির’ করেছেন তারা।
মঙ্গলবার ডিএসইতে নিন্মমুখী প্রবণতা দিয়ে লেনেদেনর শুরু হওয়ার পর প্রায় দেড়শ’ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীরা দুপুর ১২টার দিকে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেন।
বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ বলেন, ``বাজারের ধারাবাহিক দরপতনে আমরা এখন কারও প্রতি আস্থা স্থাপন করতে পারছি না। তাই আমরা এখন আল্লাহর ওপর আস্থা রাখার জন্য জিকির করছি।``
লেনদেনের শুরুতে সূচক পরতে থাকলে বিনিয়োগকারী ডিএসই ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। পরে তারা সভাপতির উপস্থিতিতে জিকির শুরু করেন।
এ সময় পুলিশ তাদের চারদিক দিয়ে ঘিরে রাখে।
পুলিশ জানিয়েছে, বিনিয়োগকারীরা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে সেজন্য তাদের ঘিরে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com