 |
ঢাকা: নেদারল্যান্ডের ভোটাররা বুধবারের সাধারণ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইউরো জোনের ঋণ সঙ্কটই এবারের সাধারণ নির্বাচনের প্রধান ইস্যু বলে মনে করছেন বিশ্লেষকরা।
ধারণা করা হচ্ছে মধ্য ডানপন্থি ভিভিডি লিবারেল পার্টি এবং মধ্য বামপন্থি লেবার পার্টির মধ্যেই মূল লড়াই অনুষ্ঠিত হবে। তবে বর্তমান সরকারের সাবেক মিত্র চরম ডানপন্থি ও অভিবাসন বিরোধী ফ্রিডম পার্টি বেশ কিছু আসন হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্রিডম পার্টি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার কারণেই নেদারল্যান্ডে নতুন করে নির্বাচন আহবান করা হয়।
বর্তমান ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা বর্তমান প্রধানমন্ত্রী মার্ক রুত ইউরো সঙ্কটের কারণে সৃষ্ট ঘাটতি ও মন্দা থেকে দেশকে বের করে নিয়ে আসতে অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের পক্ষে। অপর দিকে বিরোধী লেবার পার্টির প্রধান দিদেরিক স্যামসম নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মন্দা কাটাতে আগ্রহী।
মঙ্গলবার রাতে উভয় নেতার চূড়ান্ত টেলিভিশন বিতর্কের পর সর্বশেষ জনমত জরিপে উভয় দলের পক্ষেই জনসমর্থন বর্তমানে সমানে সমানে।
সর্বশেষ বিতর্কে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক রুত শক্তিশালী ইউরো জোন গঠনের পক্ষে নিজের ব্যয় সঙ্কোচন নীতির সাফল্যের কথা তুলে ধরেন। অপর দিকে তার বিরোধী লেবার পার্টির নেতা স্যামসম বলেছেন ক্ষমতাসীন দলের নীতি হল্যান্ডের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।
ধারণা করা হচ্ছে উভয় দলই ১৫০ আসন বিশিষ্ট পার্লামেন্টে ৩৫ টি করে আসন পাবে। বাকি আসন গুলোর জন্য লড়াই হবে অপর ১৯ টি দলের মধ্যে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর