ঢাকা: হলমার্ক কেলেংকারির ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর কোনো সম্পৃক্ততার তথ্য পায়নি অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপ-কমিটি। তাই তাকে তলব করার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করতে গিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
এ সময় তিনি বলেন, “হলমার্ক কেলেংকারির ঘটনায় সংসদীয় উপকমিটি যাদের জিজ্ঞাসাবাদ করেছে, তারা কেউ বলেননি, উপদেষ্টা বা অন্য কেউ তাদের প্রভাবিত করেছে। তাই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ বা তলব করা হবে না। তবে ঘটনার সঠিক তথ্য জানতে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তা বন্ধে করণীয় ঠিক করতে যে কাউকে যে কোনো সময় তলব করা হতে পারে।”
তদন্তের অগ্রগতির প্রশ্নে তাজুল বলেন, “তদন্তের স্বার্থে সব এখন বলা যাচ্ছে না। তবে বেশ অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে তলব করা হবে।”
মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে তারা দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছে। দুদক সে মোতাবেক মামলা করবে।”
পরিচালনা পর্ষদের কাউকে তলব করবেন কিনা জানতে চাইলে বলেন, “প্রয়োজনে তাদেরও ডাকা হবে।”
সোনালী ব্যাংকের প্রাক্তন এমডি আপনাদের কি তথ্য দিয়েছেন প্রশ্নে তাজুল বলেন, “তিনি বলেছেন এর সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তবে আমরা তার বক্তব্যে সন্তুষ্ট হতে পারিনি।”
ঘটনাটি নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে। তার জন্য করণীয় ঠিক করতেই মূলত এই কমিটি। আমরা রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের ব্যবস্থাপনা পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করব। প্রয়োজনে এর জন্য আইন করতেও বলা হবে।”
কমিটি মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনায় ক্রটি এবং দুর্বলতা খুঁজে বের করতে কাজ করছে বলে জানান তিনি।
এদিকে আরেক প্রশ্নের জবাবে এই সাংসদ বলেন, “টাকা আদায়টি গুরুত্বপূর্ণ। আমরা সোনালী ব্যাংকে এ ব্যাপারে পরামর্শ দিয়েছি।”
এর আগে সকাল সাড়ে এগারোটায় মো. তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল মতিঝিলের সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে যান। সেখানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তসহ উর্ধ্বতনদের সাথে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজম্যান্টের নির্বাহী পরিচালক ড. তৌফিক আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংসদীয় প্রতিনিধি দল সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা পরিদর্শণ করেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
এসএআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর