 |
ঢাকা: তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) শহিদুল ইসলামের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন সময়ে নানা অপকর্মে জড়িত থেকে অনেক ঘটনার জন্ম দেওয়ার পর শনিবার তিন ফটো সাংবাদিক পিটিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি। ফলে জনমনে প্রশ্ন জেগেছে কে এই শহিদুল!
শনিবার দৈনিক প্রথম আলোর তিন ফটো সাংবাদিক জাহিদুল করিম সেলিম, সাজিদ হোসেন ও খালেদ সরকারকে সংবাদ সংগ্রহরত অবস্থায় বেধড়ক পিটিয়েছে এই শহিদুল। সাংবাদিক পরিচয় দিলেও নিজেকে সাংবাদিকের বাপ দাবি করে তিনি বলেন, ‘আমি অনেক সাংবাদিক দেখেছি, আনেক সাংবাদিক মেরেছি, তুই কে?’
এদিকে এই শহিদুলের সম্পর্কে খোঁজ নিতে গিয়ে বেরিয়ে এসেছে নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য। শুধু সাংবাদিক নয়- ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে তিনি নিয়মিত চাঁদাবাজিও করেন। ফুটপাতের হকারদের কাছ থেকে মাসোহারা নেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
শহিদুলের এক ঘনিষ্টজন নাম না প্রকাশের শর্তে বাংলানিউজকে বলেন, ‘শহিদুলের বাড়ি রংপুর। তিনি ময়মানসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে পুলিশে যোগ দেন। ছাত্রজীবন থেকেই তার (শহিদুল) মধ্যে অপরাধ প্রবণতা ছিল। বিশ্ববিদ্যালয় জীবনে মেয়েদের উত্ত্যক্ত করার জন্য তার বিরুদ্ধে কয়েকবার ব্যবস্থাও নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’
এদিকে তেজগাঁও অঞ্চলের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে শহিদুলের বেপরোয় চাঁদাবাজিতে। প্রতি মাসে শহিদুলকে দেওয়ার জন্য তাদের গুণতে হয় কষ্টার্জিত অর্থ।
ফার্মগেটের ফুটপাতের ব্যবসায়ী সালাম বাংলানিউজকে বলেন, ‘এই শহিদুলকে আমরা প্রতিমাসেই নিয়মিত টাকা দিই। টাকা না দিলে আমাদের ফুটপাতে ব্যবসা করতে দেয় না। শহিদুলের নিযুক্ত লাইনম্যানের মাধ্যমে আমরা এই টাকা তাকে দেই।’
এখানেই শহিদুলের অপকর্ম শেষ নয়, কয়েক দিন আগে হরতালে সংসদ ভবনের সামনে এক নারী সাংসদের শরীরে হাত দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। কয়েকটি দৈনিকে এর ছবিও প্রকাশ হয়।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, এসি শহিদুল যা কিছু করেন তেজগাঁও জোনের ডিসি ইমাম হোসেনের নির্দেশেই করেন। এর আগেও হরতাল ও সাধারণ দিনে সংসদ ভবন ও তার আশপাশের এলাকায় যে সব অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার সবই এই ইমাম হোসেনের নির্দেশেই করছেন শহিদুল।
এ বিয়য়ে পঙ্গু হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে এসে তেজগাঁও জোনের ডিসি ইমাম হোসেন শহিদুল সম্পর্কে বলেন, ‘মাত্র চার বছর পুলিশে চাকরি করে এতো দৌরাত্ম্য ভালো নয়। আজ তিনি (শহিদুল) যে ঘটনা ঘটালেন তা অনাকাঙ্ক্ষিত। সে জন্য আমরা তাকে প্রত্যাহারের জন্য কমিশনারকে অনুরোধ জানিয়েছি।’
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর ও জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর