 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
রাজশাহী: বাজেটে রাজশাহী অঞ্চলকে উপেক্ষিত করার অভিযোগ তুলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পরিকল্পনামন্ত্রী এ.কে. খন্দকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু।
সংবাদ সম্মেলনে এর দায়ভার কাঁধে নিয়ে রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহীর ৬টি আসনের সংসদ সদস্যকেও পদত্যাগ করার দাবি জানান তিনি।
শনিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
এ সময় তিনি বলেন, ৪ দলীয় জোট সরকারের আমলে রাজশাহীর উন্নয়নে ৩৭টি প্রকল্প নেওয়া হয়েছিল। এর বাইরে বর্তমান মহাজোট সরকারের সময়ে কোনো নতুন প্রকল্পই অনুমোদন দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে সরকারের পরিকল্পনামন্ত্রী ও অর্থমন্ত্রীকে রাজশাহী বিদ্বেষী হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে, আগামী ৬ মাসের মধ্যে রাজশাহীতে পাইপলাইনে গ্যাস সংযোগ না দেওয়া হলে, জ্বালানি উপদেষ্টা ও প্রতিমন্ত্রীকে রাজশাহীতে প্রতিহত করার ঘোষণা দেন বিএনপি নেতা মিনু।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘন্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর