 |
মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর সামর্থ্য রয়েছে রিয়াল মাদিদ্রের। সাবেক ক্লাবের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস তুঙ্গে রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেড ডেভিলসের জার্সি পড়েছেন রোনালদো। কঠিন এক লড়াইয়ের ইঙ্গিত পেলেও নিজের দলকেই শক্তিশালী মানছেন রিয়াল কিং। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাগাজিনে এ উইঙ্গার বলেন,‘আমার বিশ্বাস সবকিছু ভালোভাবেই হবে। আমার মতে রিয়াল মাদ্রিদে ভালো একটি দল আছে, কিন্তু মাঠেই আমাদের সেরাটা করে দেখাতে হবে। কারণ ম্যানইউ অনেক সংগঠিত দল এবং সম্প্রতি তারা সেভাবেই খেলেছে।’
ম্যানচেস্টারে স্বাগতিকরা অনেক ভয়ঙ্কর হবে মনে করেন সাবেক তারকা,‘তারা সবসময় ভালো খেলা দল। প্রত্যেক বছরেই তারা শীর্ষে থাকে। তাদের আমরা অনেক সমীহ করি। কঠিন এক ম্যাচ হবে এটা, বিশেষ করে ম্যানচেস্টারে।’
সাবেক ক্লাবের প্রতি আবেগ লুকিয়ে রাখতে পারলেন না রোনালদো,‘ওল্ড ট্রাফোর্ডে’র ম্যাচটি আমি অনেক উপভোগ করব। ছয় বছর সেখানে ছিলাম। অনেক বন্ধু, ভক্ত রয়েছে যাদের দেখে ভালো লাগবে। অনেক অনেক আবেগের ম্যাচ হবে এটা।’
ওল্ড ট্রাফোর্ডে উড়ে যাওয়ার আগে প্রথম ম্যাচ নিজেদের মাঠেই আয়োজন করবে রিয়াল। ১৩ ফেব্রুয়ারি প্রথম লেগ অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাব্যুতে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম/এসএ