চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে এক অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য আসামি ধরতে গিয়ে কথা কাটাকাটিসহ অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছেন র্যাব ও পুলিশের কর্মকর্তারা।
এ সময় নগরীর খুলশী থানার ওসি আব্দুল লতিফ র্যাবের দু’জন কনস্টেবলের দিকে উত্তেজিত হয়ে তেড়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ওসিসহ পুলিশের বাধা উপেক্ষা করে র্যাব সদস্যরা অপহরণকারী সন্দেহে একজন মাইক্রোবাস চালককে তার গাড়িসহ আটক করেছে বলে র্যাব জানিয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর এ কে খান মোড়ে র্যাব ও পুলিশ সদস্যদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার লতিফ খান বাংলানিউজকে বলেন, আসামির অবস্থান জানার পর আমাদের অফিসাররা ঘটনাস্থলে যান তাকে গ্রেফতারের জন্য। আমাদের পরে পুলিশও ঘটনাস্থলে আসেন।
এ সময় পুলিশ চাচ্ছিল আসামিকে তারা নিয়ে যাবে, আমরা চাচ্ছিলাম আমরা নিয়ে যাব। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আমি বিষয়টি একজন উপ-পুলিশ কমিশনারকে জানিয়েছি।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আবদুল্লাহ হেল বাকী বাংলানিউজকে বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। মাঠে কাজ করতে গেলে এমন ঘটনা অস্বাভাবিক নয়। আমি শুনে বিষয়টি সমাধান করে দিয়েছি।
খুলশী থানার ওসি আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পূর্ব ফিরোজ শাহ কলোনির মো.করিমের ছেলে মোঃ রিয়াদ তার বোনকে অপহরন অভিযোগে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, রিয়াদের বোন বিবি কুলসুম (১৩) নগরীর পূর্ব ফিরোজ শাহ কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাবার জন্য বাসা থেকে বের হবার পর একটি মাইক্রোবাসে অজ্ঞাতনামা লোকজন এসে তাকে তুলে নিয়ে যায়।
মামলা দায়েরের পর থেকে পুলিশ অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধারে কাজ শুরু করেছে বলে ওসি জানান।
এদিকে র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার লতিফ খান বাংলানিউজকে জানান, থানায় মামলা দায়েরের পাশাপাশি স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে র্যাবের কাছেও একটি অভিযোগ দেয়া হয়। এ অভিযোগ পেয়ে র্যাবও ওই স্কুলছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
প্রত্যক্ষদর্শী এবং র্যাব-পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর একে খান মোড়ের মাইক্রো স্ট্যান্ডে অপহরনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি এবং এর চালক অবস্থান করছে বলে খবর পেয়ে বুধবার দুপুর দেড়টার দিকে র্যাবের একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে দু’জন কনস্টেবল ঘটনাস্থলে যায়।
তারা চালকসহ মাইক্রোবাসকে আটক করার কিছুক্ষণ পর সেখানে যান খুলশী থানার ওসি আব্দুল লতিফের নেতৃত্বে একদল পুলিশ। তারা মাইক্রোবাস ও এর চালককে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য র্যাব সদস্যদের আহ্বান জানান।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃত ওই স্কুলছাত্রীকে র্যাব ও পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি।
বাংলাদেশ সময় : ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
আরডিজি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com