ঢাকা: বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ তারেক। আগামী ১৪ আগস্ট থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।
বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে একথা বলা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব রৌনক জাহান ওই পত্রে সই করেন।
চিঠিতে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে ড. মোহাম্মদ তারেকের যোগদানের লক্ষ্যে প্রয়োজনীয় আদেশ জারি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়।
বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে ড. মোহাম্মদ তারেককে নিয়োগের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। এ প্রেক্ষিতে বিশ্বব্যাংক তাদের সম্মতির কথা অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে জানিয়েছে।
বাংলাদেশ সময় : ১৬১২ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসআর/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটন