 |
ঢাকা : ভোক্তা পর্যায়ে নিরাপদ ও গুণগতমানের খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে বিদ্যমান ভেজালবিরোধী আইনের আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজাল ও নকল প্রতিরোধে মহাজোট সরকার বিএসটিআই’র ভেজালবিরোধী অভিযান জোরদার করেছে। দেশীয় পণ্যের রফতানি বাড়াতে হলে, খাদ্যের গুণগতমান আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে।
শিল্পমন্ত্রী শুক্রবার নারায়ণগঞ্জের সোনাপুরে দেশীয় কৃষিভিত্তিক নতুন শিল্প কারখানা এবি ফুডস্ অ্যান্ড বেভারেজ লিমিটেড এর উদ্বোধনকালে একথা জানান।
এবি ফুডস্ অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান হাজী আলী আহাম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সংসদ সদস্য মো. তাজুল ইসলাম, মাসিক অর্থ কথার সম্পাদক সৈয়দ রানা মুস্তফি, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহ্ উদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, অ্যাডভোকেট ড. আবদুল কাদের হিরণ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন মিয়াজী বক্তব্য রাখেন।
শিল্পমন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তুলতে হলে মেধাবী ও স্বাস্থ্যবান জনগোষ্ঠীর প্রয়োজন। এ জন্য খাদ্যদ্রব্যের গুণ ও মানের ব্যাপারে কোনো ধরনের আপোস করা সমীচীন হবে না। দেশীয় কাঁচামালভিত্তিক গুণগতমানের খাদ্যপণ্য উৎপাদন করে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রফতানির সুযোগ রয়েছে।
তিনি নতুন এ কারখানায় উৎপাদিত পণ্যের গুণগতমান বজায় রাখতে কঠোর মান নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন।
দিলীপ বড়ুয়া মহাজোট সরকারের অর্জিত সাফল্যের উল্লেখ করে বলেন, বিগত তিনবছরে দেশের কোথাও সারের কোনো সংকট হয়নি। চারদলীয় জোট সরকার প্রায় ৩৪ হাজার শ্রমিক কর্মচারীকে কর্মহীন করে দিয়ে আদমজী জুট মিলস্ বন্ধ করে দিলেও বর্তমান সরকার রাষ্ট্রায়ত্ত কোনো কল-কারখানা বেসরকারি মালিকানায় ছেড়ে দেয়নি।
বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রায় সকল কারখানাই লাভজনকভাবে চলছে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ১০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এ ফুড অ্যান্ড বেভারেজ কারখানা নির্মাণ করা হয়েছে। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযুক্তিতে নির্মিত এ কারখানায় ৩৫ রকমের খাদ্যপণ্য ও বেভারেজ তৈরি হবে।
বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদদের মাধ্যমে কারখানায় উৎপাদিত পণ্যের গুণগতমান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এর উৎপাদিত শতকরা ৫০ ভাগ পণ্য বিদেশে রফতানি হবে। বিএসটিআই অনুমোদিত নতুন এ কারখানায় ৫ শতাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময় : ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২