৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:৪৪ পিএম BDST banglanew24
29 Oct 2012   04:46:45 AM   Monday BdST
E-mail this

সাভারে ১৯ দিনে ৫ জন নিখোঁজ, পাত্তা দিচ্ছে না পুলিশ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাভারে ১৯ দিনে ৫ জন নিখোঁজ, পাত্তা দিচ্ছে না পুলিশ

ঢাকা: সাভারের আমিনবাজার ও বরদেশী গ্রামের ৫ যুবক নিখোঁজ হয়েছে ১৯ দিনে। গত ৫ থেকে ২৩ অক্টোবর বিভিন্ন সময়ে তারা নিখোঁজ হন। তবে একের পর এক যুবক নিখোঁজের ঘটনাকে মোটেই পাত্তা দিচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনী।

সাভার থানায় এ বিষয়ে অভিযাগ করতে গেলে পুলিশ উল্টো ধমক দিচ্ছে বলে দাবি করছে নিখোঁজদের পরিবার।

তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনই ওইসব যুবককে তুলে নিয়ে গেছে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসী ও নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ অক্টোবর সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে নিখোঁজ হন বরদেশী গ্রামের আবদুস সাত্তার (২৫)। এর ৫ দিন আগে গত ৫ অক্টোবর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি সাইফুল ইসলাম (৩৩)। ২৩ অক্টোবর ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়ে নিখোঁজ হন মো. সেলিম, মনির হোসেন ও বেগুনবাড়ি গ্রামের সাইফুল ইসলাম। এদের বয়স ২৬ থেকে ৩২ বছর।

উৎকণ্ঠায় পরিবার

এদিকে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজ হওয়া ৫ যুবকের পরিবার। নিখোঁজ হওয়ার ঘটনায় ঢাকার দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) হয়েছে। লিখিত অভিযোগ দেওয়া হয়েছে র‌্যাবের প্রধান কার্যালয়ে। তবে অভিযোগ নেয়নি সাভার থানা।

সাত্তার নিখোঁজ হওয়ার পর দারুস সালাম থানায় জিডি করেন তার ভাই আবুল হোসেন। জিডি’র কপিতে উল্লেখ করা হয়, ১০ অক্টোবর সকালে বাগবাড়ি থেকে ছেলে নিবিড়কে নিয়ে বরদেশীতে স্কুলে যাচ্ছিলেন সাত্তার। গাবতলীর বিউটি সিনেমা হলের সামনে পৌঁছানোর পর একটি সাদা মাইক্রোবাসে করে তিনজন লোক এসে সাত্তারকে তুলে নিয়ে যায়।

একসঙ্গে নিখোঁজ ৩ জন

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরদেশী গ্রামের সেলিম ও মনির এবং বেগুনবাড়ি গ্রামের সাইফুল ঈদের কেনাকাটা করতে ঢাকার উদ্দেশে বের হন ২৩ অক্টোবর। বিকেলে পরিবারের লোকজন মোবাইল ফোন বন্ধ পেলে তার খোঁজ শুরু করেন। ২৫ অক্টোবর সেলিমের ভাই কামাল হোসেন সাভার থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ তা নথিভুক্ত করেনি।

এদিকে মনিরের পরিবারের পক্ষ থেকে তিনদফা সাভার থানায় জিডি করতে যাওয়া হলেও তা নেওয়া হয়নি। পরে অভিযোগ নিয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়িতে যাওয়া হলে সেটি নেওয়া হয়।

একই অবস্থা বরদেশী ও বেগুনবাড়ি গ্রামের দুই সাইফুলের পরিবারেরও।

এদিকে এলাকাবাসী বলছে, নিখোঁজ ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, বরদেশী গ্রামেই ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১২
এমইউএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান