জামালপুরঃ ময়মনসিংহের ভালুকা থেকে ইসমাইল(২) নামে এক শিশুকে অপহরণের ৪৮ ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় জামালপুর থেকে উদ্ধার করা করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইসমাইল ভালুকা উপজেলার হবির বাড়ি ইউনিয়নের আমতলী গ্রামের রমজান আলীর পুত্র।
ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক বাংলানিউজকে জানান, গত ১৬ ফেব্রুয়ারি ইসমাইলকে অপহরণ করে অপহরণকারীরা মোবাইল ফোনে ওই শিশুর বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় ইসমাইলের বাবা রমজান আলী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন।
পুলিশ সুপার মঈনুল হকের তত্ত্বাবধানে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মাঠে নামে।
পুলিশ গত দু’দিন বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে জামালপুর জেলা শহরের পাঁচ রাস্তার মোড় এলাকা থেকে সোমবার সন্ধ্যায় ইসমাইলকে উদ্ধার করে।
এ সময় অপহরণকারী আব্দুর রহিম ও কিবরিয়াকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহেশ গ্রামে ।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
গোলাম রাব্বানী নাদিম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর