 |
ব্রিসবেন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়ক আনামুল হক বলেছেন, ‘যোগ্য দল হিসেবেই শীর্ষ আটে উঠেছে বাংলাদেশ। আর বিশ্বের যে কোনো দলকে হারাতে সক্ষম আমরা।’
প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। তবে বাংলাদেশের শীর্ষ আটে জায়গা করে নেওয়ায় অনেকে আশ্চর্য হয়েছেন। তবে এতে আশ্চর্যের কিছু দেখচ্ছেন না বাংলাদেশের নেতা। বলেন, ‘অনূর্ধ্ব-১৯’র যোগ্য দল আমরা। অন্যান্য দল থেকে আলাদা নই। বরং সমান। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি। আসলে যে কোনো দলকে হারাতে সক্ষম আমরা।’
রোববার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে লালসবুজরা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। প্রতিযোগিতার কঠিন গ্রুপে ছিলো বাংলাদেশ। গ্রুপের বাকি দলগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নামিবিয়া। মূল প্রতিযোগিতায় নামার আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। সেখানেও ইতিবাচক খেলা খেলেছে তারা।
গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জেতে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় লালসবুজরা। তবে ব্রিসবেনে নামিবিয়াকে হারিয়ে শীর্ষ আটের খেলা নিশ্চিত করতে সমস্যা হয়নি তাদের।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: আনামুল হক (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, আসিফ আহমেদ, নুরুল হাসান, আলআমিন, নূর হোসেন, দেওয়ান সাব্বির, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও নাঈম ইসলাম জুনিয়র।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সিজি